
দুর্ঘটনাকবলিত বাস। ছব: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দ্রুতগতির যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।









































