বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৩ জানুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শেয়ার

দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের


shohag-mia

নিহত সোহাগ মিয়া। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতর দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের মোখলেছ মিয়ার একমাত্র সন্তান। নিহতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুরুন্নবী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে এবং সংসারের দায়িত্ব পালনের জন্য সোহাগ দুবাই যান। সেখানে তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার তিনি একটি মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পথে দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার জানায়, বিয়ের কিছুদিন পরই সোহাগ প্রবাসে পাড়ি জমান। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, ভাই-বোনসহ পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় সাহারপাড় গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতা কামনা করেছেন।