রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, বিপর্যস্ত জনজীবন


tetulia

ফাইল ছবি

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ার দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে শীতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। মাঝারি শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডা বাতাসে এ অঞ্চলের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে।

ঘন কুয়াশা আর তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। তীব্র ঠান্ডার কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না, ফলে দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে।

এদিকে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট। দৃষ্টিসীমা কমে আসায় বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। শৈত্যপ্রবাহের এই দাপটে অসহায় মানুষ ও পশুপাখির কষ্ট চরমে পৌঁছেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই কনকনে শীত ও কুয়াশার দাপট আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।