রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৮ জানুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার

গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


Fire-Gazipur

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের টানা চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের মতে, আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে গুদামে দাহ্য পদার্থ এবং বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এবং উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে একটি ইউনিট যুক্ত হয়। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “এ এলাকায় প্রায় শতাধিক গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সাধারণত পানির উৎসের সমস্যা থাকে, তবে এবার কাছের একটি পুকুর ও স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে পানি জোগানোয় আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

তিনি আরও বলেন, “কোনাবাড়ীতে যত্রতত্র গড়ে ওঠা ঝুটের গুদামের অধিকাংশই আইন মেনে তৈরি হয়নি। ফায়ার সেফটি বা লাইসেন্স ছাড়া এগুলো চলছে। মালিকদের সচেতন করার চেষ্টা চলছে, তবে তারা নিয়ম মানছে না। শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”