শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ জানুয়ারি ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
শেয়ার

মুক্তির দিনই বিতর্কে প্রভাসের ‘দ্য রাজা সাব’


Rajashab

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ ছবির প্রশংসা করলেও, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন।

এরই মধ্যে এক দর্শকের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সিনেমাটি দেখে তাঁর “পুরো সময় নষ্ট হয়েছে” এবং ছবিটি অত্যন্ত নিম্নমানের। এই সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর নাকি তাঁর কাছে ১৫০ ডলারের একটি প্রস্তাব আসে।

ওই দর্শকের অভিযোগ, ছবির নির্মাতাদের পক্ষ থেকে তাকে পোস্টটি মুছে ফেলতে বলা হয় এবং বদলে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নিজের দাবির পক্ষে তিনি একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন।

স্ক্রিনশটে লেখা ছিল, ‘আমরা “দ্য রাজা সাব”-এর টিম থেকে বলছি। আপনার সমালোচনামূলক পোস্টটি আমরা দেখেছি। আপনার মতামতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে এই পোস্টের কারণে ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। আপনি যদি পোস্টটি মুছে দিয়ে একটি ইতিবাচক প্রতিক্রিয়া লেখেন, তাহলে আমরা আপনাকে ১৫০ ডলার অথবা আপনার পছন্দ অনুযায়ী অর্থ দিতে পারি।’

স্ক্রিনশটটি শেয়ার করে ওই দর্শক লেখেন, “এটা খুবই অদ্ভুত! পোস্ট মুছে দেওয়ার জন্য ওরা আমাকে টাকা দিতে চাইছে। না, আমি আমার পোস্ট মুছব না।”

এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে, স্ক্রিনশটটি আদৌ নির্মাতাদের পক্ষ থেকে পাঠানো কি না, তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, প্রভাসের অনুরাগীদের একাংশের দাবি, ছবিটির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রযুক্তির মাধ্যমে ভুয়া স্ক্রিনশট তৈরি করে অপপ্রচার করা হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ‘দ্য রাজা সাব’-এর নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।