রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা নিয়ে পাল্টাপাল্টি আপিল


Hasnat-manjurul

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে (ইসি) এ আবেদন করেন। একই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে পাল্টা আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ শুনানি নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে বৃহস্পতিবার চেম্বার আদালত বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন আজ। এসব আপিলের শুনানি শুরু হবে ১০ জানুয়ারি থেকে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।