রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার

শীত ও ঘন কুয়াশায় জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে


chuadanga-temperature

সংগৃহীত ছবি

হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার ওপর দিয়ে টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সকালে সূর্যের দেখা মিললেও পর্যাপ্ত উত্তাপ না থাকায় শীতের তীব্রতা কমেনি।

হিমেল হাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। শীতের কারণে নিয়মিত কাজ না পাওয়ার অভিযোগও করছেন অনেকেই।

এদিকে তীব্র শীতের প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্য খাতেও। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত জ্বর ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন।

ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড ও চায়ের দোকান এলাকায় নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত ও কুয়াশার কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রাম থেকে কাজ করতে আসা সুজা উদ্দিন বলেন, “তীব্র শীতে কাজ নিয়মিত হয় না। তবু আসতে হয়—কাজ না করলে চুলা জ্বলে না। এই শীতে কাজ পাওয়া কঠিন, শরীরও সায় দেয় না। খুব কষ্টে দিন কাটাচ্ছি।”

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলেও জানান তিনি।