বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শেয়ার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত


pikul

ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাশেদ বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাগমারা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।