বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জানুয়ারি ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার

১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ


temperature

সংগৃহীত ছবি

দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলে অবস্থানরত একটি নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করেছে। পরবর্তীতে এটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে গুরুত্বহীন অবস্থায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের আটটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।