
ফাইল ছবি
২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অবশেষে অব্যাহতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। অভিযোগের সত্যতা না পাওয়ায় সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে নথিজাত করার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, মামলার এজহারে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী কিংবা তার ভাইয়ের কোনো সরাসরি সাক্ষাৎই হয়নি। ফলে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের কোনো বাস্তবতা নেই। আদালত এসব যুক্তি গ্রহণ করে অব্যাহতির আদেশ দেন।
আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনেও ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে তারা সময়ক্ষেপণ করেন।
বাদীর আরও দাবি ছিল, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ কয়েকজন তাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় গত ২৪ মার্চ তিনি মামলা করেন।
এর আগে গত ১০ নভেম্বর এই মামলায় মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ১৬ নভেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। আজকের শুনানির মাধ্যমে দীর্ঘদিনের এই আইনি জটিলতার অবসান ঘটল।














































