শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার

বিপিএলের খেলা না হওয়ায় মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর


mirpur-stadium-mob

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা দেখতে আসা সমর্থকরা দুপুরে স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

ভাঙচুরের সময় বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি জানান ক্রিকেটাররা। তবে তিনি পদত্যাগ না করায় বিপিএলের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

এর ফলে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়নি। পরে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচও স্থগিত হয়ে যায়।

ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।