রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
শেয়ার

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩


ctg-news

অভিযানকালে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ভিডিও থেকে নেওয়া ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। পাশাপাশি তিন র‍্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই ঘটনায় তিন র‍্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

র‍্যাব সূত্র জানায়, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমদ ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে হাজারো অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।