
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামে এক প্রবাস ফেরত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাস থেকে ফেরার পর হোসেন স্ত্রীকে নিয়ে গত তিন মাস ধরে আজিমপাড়ায় মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে কয়েক দিন আগে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে হোসেন একাই ওই বাসায় থাকতেন।
মঙ্গলবার সকালে বাসার মালিক ভাড়া চাইতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে উঁকি দিলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হোসেনের মরদেহ দেখতে পান। এ সময় বাসায় আর কেউ ছিলেন না।
খবর পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। তখন মরদেহটি পচে ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিব জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে হোসেন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।











































