
বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে থিম সংয়ের উদ্বোধন হয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘ভোট দিবেন কিসে ধানের শীষে’, সবার আগে বাংলাদেশসহ বিএনপির বিভিন্ন সময়ের নির্বাচনী স্লোগানকে একত্র করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ। দলটির নেতারা জানান, গানটির মাধ্যমে নির্বাচনী বার্তাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে একটি দৃঢ় বন্ধন থাকে, তেমনি বিএনপি বিশ্বাস করে একটি সুসংহত রাষ্ট্রীয় দর্শনে—বাংলাদেশি জাতীয়তাবাদে। এই দর্শনের প্রতীক হলো ধানের শীষ, যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে থিম সংটি মাঠপর্যায়সহ বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে। এর মাধ্যমে দলের রাজনৈতিক দর্শন ও বার্তা আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
থিম সং দেখতে এখানে ক্লিক করুনব





































