সোমবার । জুন ১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ জানুয়ারি ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ বিসিবির


sakib

সাকিব আল হাসান। ফাইল ছবি

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী সিরিজগুলোতে জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সাকিবকে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমজাদ হোসেন। তিনি জানান, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাকিব আল হাসানকে তাঁর অ্যাভেইলেবিলিটি, ফিটনেস ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচনা করা হবে।

আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সাকিব আল হাসানের ফিটনেস, অ্যাভেইলেবিলিটি এবং যেখানে খেলা হবে সেখানে তাঁর উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচন প্যানেল তাকে পরবর্তী সিরিজের জন্য বিবেচনা করবে।’ তিনি আরও জানান, সাকিব যদি বিভিন্ন আন্তর্জাতিক বা বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে চান, সে ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি এনওসি প্রদান করবে।

একই সঙ্গে সাকিব আল হাসানকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে তাঁর বিরুদ্ধে চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আমজাদ হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। ওই বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরতে পারেননি। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের কানপুরে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও প্রতিবাদের মুখে দেশে ফেরা সম্ভব হয়নি তাঁর। রাজনৈতিক পরিচয়ই সে সময় বড় বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করা হয়।

সাকিবের রাজনৈতিক পরিচয় ভবিষ্যতে খেলায় বাধা হয়ে দাঁড়াবে কি না—এ প্রশ্নে আমজাদ হোসেন বলেন, ‘তাঁর রাজনৈতিক বিষয়গুলো সরকার দেখবে। সরকার যদি মনে করে তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত বা বিচারযোগ্য, সেটা বিসিবির বিষয় নয়।’ তবে এ বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান দেয়নি বোর্ড।

জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও গত দেড় বছরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি সৌদি আরবে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।