বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির


cricketers

ফাইল ছবি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানায়, তাদের নিজস্ব নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি পাওয়া যায়নি। এ কারণেই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি গ্রহণযোগ্য হয়নি। আইসিসির নিরাপত্তা আশ্বাসে বিসিবি আস্থা না রাখায় এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারতে খেলার সম্মতি না দেওয়ায় টুর্নামেন্টের স্বার্থে বিকল্প দল নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।

আইসিসি আরও জানায়, ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ নিরসনে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে একাধিক দফা বৈঠক ও ভিডিও কনফারেন্সে আলোচনা চালানো হয়। এ সময় অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয় এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য বিসিবির কাছে তুলে ধরা হয়।

নিরাপত্তা ইস্যুতে শুরু থেকেই নিজেদের অবস্থানে অটল ছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের প্রস্তাব আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে নাকচ হওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটিতে (ডিআরসি) আবেদন করলেও এখতিয়ার বহির্ভূত হওয়ায় তা খারিজ হয়।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকবে।

বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ হিসেবে তারাই বিশ্বকাপে জায়গা করে নেয় এবং ‘সি’ গ্রুপে বাংলাদেশের নির্ধারিত স্লটটি পূরণ করে।

বাংলাদেশ যে কলকাতা ও মুম্বাই ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, সেখানেই ম্যাচ খেলবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।