রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ জানুয়ারি ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
শেয়ার

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক


arrest-meherpur

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে বিদেশি কুড়াল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড়ের একটি চেকপোস্টে গাড়িটি তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৪১৪৬) তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।