রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৮ জানুয়ারি ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার

সাভারে বাড়িতে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪


Fire-home

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে সৃষ্ট এ ঘটনায় জাবির এক শিক্ষার্থীসহ মোট চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত নয়টার দিকে বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে চলমান বিরোধের একপর্যায়ে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

অন্য তিনজন হলেন—বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়হান ও রাহাতের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বিবাদের সময় রায়হান দোতলার একটি কক্ষে পেট্রল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করতে ওই কক্ষে যান রায়হানের পরিচিত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম ও প্রতিবেশী হাসিনুর। কথা কাটাকাটির একপর্যায়ে রায়হান গ্যাস লাইটার জ্বালালে মুহূর্তেই পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক অমিতাভ দাস জানান, আহতদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।