
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচির প্রস্তুতি সভায় নামের ক্রম নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতা প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভায় অংশ নেন। সভাকালে কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আজাহারসহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজসহ বেশ কয়েকজন আহত হন। হামলার সময় মারাত্মক আহত হয়ে আজাহার মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।









































