শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার

কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু


কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।