শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন আটক


Ibrahim-Khokon

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইব্রাহীম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এনসিটির ইজারা বাতিলের দাবিতে চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়ার ঠিক পরদিনই তাকে আটক করার ঘটনা ঘটল।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গভীর রাতে জানান, র‍্যাবের একটি দল ইব্রাহীম খোকনকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরবর্তী সময়ে আন্দোলনটি ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে বিস্তৃত হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) আন্দোলনকারীদের পক্ষ থেকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর পরদিনই ইব্রাহীম খোকনকে আটক করা হলো।

ইব্রাহীম খোকনকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ পরিহার করে শ্রমিকদের বারবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, রবিবার বন্দরের পাঁচ শ্রমিককে গ্রেপ্তারের পর সোমবার ইব্রাহীম খোকনকে আটক করে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উস্কানি দেওয়া হচ্ছে। অবিলম্বে ইব্রাহীম খোকনসহ আটক সব শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন— এ এম নাজিম উদ্দিন ও কাজী শেখ নুরুল্লাহ বাহার (জাতীয়তাবাদী শ্রমিক দল), তপন দত্ত (টিইউসি), এস কে খোদা তোতন ও ইফতেখার কামাল খান (স্কপ), খোরশেদুল আলম, কাজী আনোয়ারুল হক হুনি, নুরুল আবসার তৌহিদসহ অন্যান্য শ্রমিক নেতা।