শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে


Election matterials

নির্বাচন এখন ঘণ্টার কাঁটার দূরত্বে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। তারই অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ফরম ও অন্যান্য সামগ্রী গ্রহণ করছেন। সব উপকরণ বুঝে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি থেকে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরবরাহ শুরু করে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে ব্যালটের সঙ্গে অন্যান্য সরঞ্জামও পাঠানো হয়। এসব সামগ্রী এতদিন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সংরক্ষিত ছিল। ভোটের আগের দিন সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

সারাদেশে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২৯৯টি কেন্দ্রে ডাকযোগে (পোস্টাল) ভোট গণনা করা হবে। সব মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ৪২ হাজার ৯৫৮টি।

এই নির্বাচনে ভোটার রয়েছেন ১২ কোটি ৭৭ লাখের বেশি, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ভোটার উপস্থিতির একটি নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।