
নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে করে গ্রামে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে ভোটারদের মধ্যে গোপনে অর্থ বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।
স্থানীয়দের দাবি, তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
আটক হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে এবং সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্তদের বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে গাড়িচালকসহ দুজনকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।










































