
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) ও পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’ এবং ‘ভোট গণনা বাতিল চাই’ স্লোগান দেন।
বিক্ষোভকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনীর প্রহরায় কার্যালয়ে প্রবেশ করেন।
এরপর পাবনা–৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন এবং পাবনা–৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টা পর তারা কর্মসূচি প্রত্যাহার করে কার্যালয়ের সামনে থেকে সরে যান।
পরে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, পাবনা–৩ ও পাবনা–৪ আসনের ভোট পুনর্গণনার আবেদন দুটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।










































