শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
শেয়ার

টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪


tangail-news

নিহত দুই বন্ধু স্বাধীন ও ফাহিম

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২)। অন্যদিকে ঘাটাইলে নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নি মদিনা আক্তার (১৮)।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায় রফিক-রাজু স্কুলের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে স্থাপিত গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

অন্যদিকে বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলের আঠারোদানা এলাকায় একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় খালা-ভাগ্নি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।