শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার


teknaf

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় এক মানবপাচারকারী তার নিজ বাড়ির গুদামঘরে আটকে রেখেছে।

এই তথ্যের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।