শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসীর স্ত্রীর তিন লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা জ্বিনের বাদশা


statue

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিনব এই প্রতারণার শিকার লিলুফা খাতুনের স্বামী আশরাফুল ইসলাম মালয়েশিয়াপ্রবাসী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে গভীর রাতে একটি অচেনা নম্বর থেকে লিলুফার মোবাইলে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে হুমকি দেন—সংযোগ বিচ্ছিন্ন করলে বা কাউকে জানালে পরিবারের ক্ষতি হবে। এরপর নিয়মিত মধ্যরাতে ফোন করে নিজেকে লিলুফার ‘বাবা’ পরিচয় দিয়ে বিপুল ধনসম্পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতে থাকে ওই ব্যক্তি।

গত শনিবার রাতে প্রতারক ফোন করে জানায়, গাংনী বড় মসজিদর পেছনে একটি ‘স্বর্ণের মূর্তি’ রাখা আছে। সেটি সংগ্রহ করে বাড়ির গোপন স্থানে রাখতে বলা হয়। বিনিময়ে লিলুফাকে তাঁর ব্যবহৃত সব স্বর্ণালংকার নির্দিষ্ট স্থানে রেখে আসতে এবং পরদিন তা ফেরত নিতে নির্দেশ দেওয়া হয়। কথামতো তিনি চেইন, দুল, চুড়িসহ বিভিন্ন গয়না রেখে মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।

রোববার দুপুরে স্বর্ণালংকার আনতে গিয়ে দেখেন, নির্ধারিত স্থানে কিছুই নেই। সন্দেহ হলে স্থানীয় এক স্বর্ণকারের কাছে মূর্তিটি পরীক্ষা করান। তখন জানা যায়, সেটি স্বর্ণের নয়; পিতল বা কাঁসার তৈরি সাধারণ একটি মূর্তি। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানান লিলুফা।

খবর ছড়িয়ে পড়লে মূর্তিটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।