
নিহত হারুন সিকদার
সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে হারুন সিকদার (৪৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হারুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে। ছয় ভাই ও সাত বোনের মধ্যে তিনি ছিলেন মেঝ। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক বছর বয়সী এক কন্যাশিশু রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর ছুটিতে দেশে এসেছিলেন হারুন। এক মাস পাঁচ দিনের ছুটি শেষে ৭ জানুয়ারি কর্মস্থলে ফেরেন। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
স্বজনদের ভাষ্য, ভবনের একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
হারুনের ছোট ভাই মো. সিফাত জানান, পরিবারের এক আত্মীয় বর্তমানে সেখানে রয়েছেন। মরদেহ কবে দেশে আনা যাবে, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মো. মালেক বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মরদেহ দেশে আনা ও দাফন সংক্রান্ত সহযোগিতা করা হবে।








































