
চট্টগ্রামর রাউজান উপজেলায় বাজারে প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আবদুল মজিদ (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং দলীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির পথে রওনা দিলে মুখোশ পরা কয়েকজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে আবদুল মজিদকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, তার চোখের ওপর, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লেগেছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, এর আগেও তার স্বামীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। তখন তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু এবার তাকে হত্যা করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, গত ৫ জানুয়ারি একই বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে মুহাম্মদ জানে আলম (৪৮) নামের আরেক যুবদল নেতাকেও একই কায়দায় মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজান উপজেলায় ২১টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৫টি রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। এ সময়ের মধ্যে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।










































