শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

নিখোঁজের দুই দিন পর নদী থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার


ujirpur-model-thana

ছবি: সংগৃহীত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোবারক হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ শিকারপুর সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। মোবারক হাওলাদার উপজেলার বাহেরচর গ্রামের মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। এই ঘটনায় তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ শিকারপুর এলাকার মোশাররফ দফাদারের বাড়ির সামনে সন্ধ্যা নদীর পাড়ে স্থানীয় কিছু মানুষ কলমী শাক তুলতে যান। এসময় তারা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে মোবারক হাওলাদারের পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হাওলাদার দীর্ঘ সময় সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস থেকে ফেরার পর তিনি উপজেলার মুন্ডপাশা গ্রামে জমি ক্রয় করে সেখানে নতুন বসতবাড়ি নির্মাণ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে গত দুই দিন আগে তিনি হঠাৎ করে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।