
ছবি: সংগৃহীত
সীমান্তে চরম উত্তেজনা ও ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে এই প্রস্তাব দেওয়া হলো।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, আফগানিস্তান সবসময় আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করে এসেছে। বর্তমান সংকট নিরসনেও তারা যুদ্ধের চেয়ে সংলাপকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গত অক্টোবর মাসে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা শুরু হলে সেই পরিস্থিতি বদলে যায়। পাকিস্তান অভিযোগ করেছে, আফগান বাহিনী সীমান্ত এলাকায় উসকানিমূলক গুলিবর্ষণ শুরু করার পর তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, তাদের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের এই ক্ষয়ক্ষতির দাবি নাকচ করে দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী, আফগান বাহিনীর পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ১৯টি সেনা চৌকি।







































