শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল


Shah Amanat international airport

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। আজ রোববার (১ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা ১০টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য আংশিক বা পূর্ণাঙ্গ বন্ধ থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আকস্মিক ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগ কমাতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংঘাতপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফ্লাইটের নতুন সময়সূচি বা টিকিটের রিফান্ড সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীরা বিমানবন্দরের হেল্পডেস্ক বা এয়ারলাইন্সগুলোর হটলাইনে যোগাযোগ করছেন।