
অভিনেতা জাহের আলভী
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ধোঁয়াশা ও উত্তেজনা বাড়ছে। ইকরার মৃত্যুর পর তাঁর স্বামী আলভী ও শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। তবে মামলার পর থেকেই অভিনেতা আলভীর কোনো হদিস মিলছে না। নেপাল থেকে গতকাল রোববার বিকেলে তিনি ঢাকায় ফিরেছেন বলে একাধিক ঘনিষ্ঠ সূত্র জানালেও এখন পর্যন্ত তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছে এজাহারের কপি পাঠানো হলেও তাঁর গ্রেপ্তার বা উপস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটেনি।
সূত্রমতে, আলভী নেপালে শুটিংয়ে থাকাকালীন সেখানে তাঁর সেই কথিত প্রেমিকাও ছিলেন, যাঁকে নিয়ে স্ত্রী ইকরার সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। নেপাল থেকে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও আলভী বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাঁর ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক প্রোফাইল—সবই এখন বন্ধ।
বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনেরা মনে করছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকা আলভীর জন্য বিপদ আরও বাড়িয়ে তুলবে। তাঁদের মতে, সেদিন ঠিক কী ঘটেছিল যার জন্য ইকরাকে আত্মহননের পথ বেছে নিতে হলো, তার ব্যাখ্যা দেওয়া আলভীর নৈতিক দায়িত্ব ছিল।
এদিকে রাজধানীর পল্লবী থানায় ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদের দায়ের করা মামলায় আলভী ও তাঁর মায়ের বিরুদ্ধে দুই বছর ধরে অবহেলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আজ সোমবার সকাল পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি পুলিশ।








































