বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি


mojtoba-khameni

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

এর আগে সংবাদমাধ্যমটি জানায়, নিহত আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। জানাজা শেষে তাকে তার নিজ শহরেই সমাহিত করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজধানী তেহরানে বড় পরিসরে গণশোক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের তারিখ ও সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় আয়াতুল্লাহ খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন বলে জানানো হয়।

ইরানি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করছিলেন।

এদিকে শনিবার আয়াতুল্লাহ খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা। প্রকাশিত ছবিতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। চারপাশ কালো হয়ে যাওয়ার দৃশ্য থেকে বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত মিলেছে। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।