
মানচিত্রে হরমুজ প্রণালি ও ইরানের অবস্থান। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমানের উত্তরাঞ্চলের এই জলপথে হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা যুক্তরাজ্যে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। সংস্থাটি বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে ইরান সরকার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তু করা হতে পারে। একই সঙ্গে দেশটির বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা জানানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালি দিয়ে পরিবহন হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার বার্ষিক আর্থিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার।
বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। এই পথ ব্যবহার করেই ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়।
সূত্র: আলি জাজিরা


































