সোমবার । মার্চ ৯, ২০২৬
সেতু ইসরাত উদ্যোগ ৯ মার্চ ২০২৬, ১:২৩ অপরাহ্ন
শেয়ার

বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনের তাঁত মেলা


Bengal Fair

মেলার দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সৌন্দর্য ও সম্ভাবনাকে বিশ্বজুড়ে তুলে ধরার লক্ষ্যে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ১০ দিনের বিশেষ প্রদর্শনী ও মেলা। গতকাল রোববার (৮ মার্চ) দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজ সোমবার মেলার দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Bengal Fair

সিরাজগঞ্জের লুঙ্গি-গামছা, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্কসহ দেশের বিভিন্ন প্রান্তের তাঁতপণ্য বিক্রি হচ্ছে

বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে শিল্পালয়ের দ্বিতীয় ও চতুর্থ তলায়। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, মসলিন ও জামদানিসহ ইতোমধ্যে ১৪টি তাঁতপণ্য জিআই (ভৌগোলিক নির্দেশক) সনদ পেয়েছে। বাকি পণ্যগুলোকেও দ্রুত এই তালিকায় অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক বাজারে যথাযথ ব্র্যান্ডিং করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ হলো পুনরুজ্জীবিত ঢাকাই মসলিনের নির্মাণশৈলী। দর্শনার্থীরা সরাসরি দেখতে পারছেন ফুটি কার্পাস থেকে সুতা তৈরি এবং মসলিন বুননের সূক্ষ্ম প্রক্রিয়া। এছাড়া প্রদর্শনীতে রাখা হয়েছে প্রায় ১৫০ বছরের পুরোনো জামদানি ও টাঙ্গাইল শাড়ি। জ্যাকার্ড ও জামদানি তাঁত বসিয়ে বয়নশিল্পীদের কাপড় বুনন সরাসরি দেখার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। তবে প্রদর্শনীতে জামদানি বোনার কথা থাকলেও অনেক ক্ষেত্রে বয়নশিল্পীদের সাধারণ নকশার সুতি শাড়ি বুনতে দেখা গেছে।

Bengal Fair

পার্বত্য অঞ্চলের নান্দনিক পোশাকসহ দেশের বিভিন্ন প্রান্তের তাঁতপণ্য বিক্রি হচ্ছে

মেলায় মোট ১৫টি স্টলে সিরাজগঞ্জের লুঙ্গি-গামছা, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক এবং পার্বত্য অঞ্চলের নান্দনিক পোশাকসহ দেশের বিভিন্ন প্রান্তের তাঁতপণ্য বিক্রি হচ্ছে। তবে আগত বিশেষজ্ঞ ও দর্শনার্থীদের মতে, স্টল বরাদ্দে আয়োজকদের আরও সচেতন হওয়া উচিত ছিল। কিছু উদ্যোক্তার পণ্য মেলার মূল ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আয়োজনের গুণগত মান কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। তবুও এক ছাদের নিচে দেশের বয়নশিল্পের দীর্ঘ ইতিহাস ও বৈচিত্র্যকে নতুনভাবে চেনার সুযোগ করে দিয়েছে এই আয়োজন।

বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল