
লাখ লাখ টাকা জরিমানা করা হলেও অসাধু ব্যবসায়ীদের ভেজাল মসলার ব্যবসার তৎপরতা থামছে না।
উত্তরাঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বগুড়ার রাজাবাজার ও তৎসংলগ্ন এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে চলছে ভেজাল মসলার জমজমাট ব্যবসা। আমদানিকৃত মানসম্মত মসলার সঙ্গে পচা মরিচ, ধানের তুষ, এমনকি ইটের গুঁড়া ও বিষাক্ত রং মিশিয়ে বাজারজাত করার ভয়াবহ চিত্র উঠে এসেছে সাম্প্রতিক একাধিক অভিযানে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের সমন্বিত অভিযানে লাখ লাখ টাকা জরিমানা করা হলেও অসাধু ব্যবসায়ীদের এই তৎপরতা থামছে না।
মঙ্গলবার দুপুরে শহরের ফতেহ আলী বাজারে পরিচালিত অভিযানে দেখা যায়, ‘দোলন মসলা মিল’ নামের একটি কারখানায় পচা মরিচের সঙ্গে ধানের তুষ মিশিয়ে গুঁড়া করা হচ্ছে। এই অপরাধে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘বগুড়া হলুদ মিল’ নামের অন্য একটি কারখানায় নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মিশিয়ে সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়েছে জিরার বাজারে। জিরার সঙ্গে প্রায় অর্ধেক দামের ‘ক্যারাওয়ে সিড’ বা পার্সিয়ান জিরা মিশিয়ে ভারতীয় নামী ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগে এরুলিয়া এলাকার একটি গুদাম থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্যমতে, যেখানে ভালো মানের জিরার কেজি ৫৬০-৫৮০ টাকা, সেখানে মাত্র ২৪০ টাকা কেজি দরের ক্যারাওয়ে সিড মিশিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এছাড়া বাদুড়তলা এলাকায় জিরার সঙ্গে বালু ও পানি মিশিয়ে ওজন বাড়ানোর দায়ে অন্য এক ব্যবসায়ীকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই ভেজাল মসলা মানবদেহের জন্য নীরব ঘাতক। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক এহসানুল করিম জানান, মসলায় মেশানো ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং লিভার ও হৃৎপিণ্ড অকেজো করে দিতে পারে। এমনকি নিয়মিত এই ভেজাল মসলা গ্রহণে ক্যানসার এবং কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
ভেজাল কারবারিদের এমন কর্মকাণ্ডে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আমদানিকারকরা। তাদের আশঙ্কা, মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বগুড়ার মসলার যে দেশজোড়া সুনাম ও আস্থা রয়েছে, তা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।









































