বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ মার্চ ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজে খালাস চলছে এবং অপেক্ষায় ৪টি


Mongla Port

৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে বন্দরের হারবার ও মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বন্দর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ১৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ৮টি জাহাজ ইতোমধ্যে খালাস সম্পন্ন করে বন্দর ত্যাগ করেছে। বর্তমানে ৬টি জাহাজ থেকে তেল খালাস চলছে এবং আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমায় অবস্থানের অপেক্ষায় রয়েছে। অপেক্ষমাণ এই জাহাজগুলোতে এলএনজি, এলপিজি, জ্বালানি তেলসহ শিল্পকারখানার জরুরি কাঁচামাল রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর বরাত দিয়ে বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ফলে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই। এছাড়া আন্তর্জাতিক রুটে বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলেও এখন কোনো বাধা নেই। পাইপলাইনে থাকা জাহাজগুলো নির্ধারিত সময়ে পৌঁছালে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ আরও জানান, কনটেইনার ডিপো ও লাইটারেজ জাহাজে ডিজেল চাহিদার বিষয়টি বিপিসির কেন্দ্রীয় মনিটরিং সেলকে নিয়মিত জানানো হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে এবং চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।