
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা এ ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রতিমন্ত্রী নুর বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজ যদি সম্মিলিতভাবে সরকারকে সহযোগিতা করে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
নুর আরও বলেন, বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয়। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ স্থানীয় নেতারা।












































