রবিবার । মার্চ ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ মার্চ ২০২৬, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

তানজিদের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


tanzid-hasan

তানজিদ হাসা ।। ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝলমলে শতরানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯১ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। আগের ম্যাচে দ্রুত আউট হলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন তানজিদ। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া সাইফ তুলনামূলক সতর্ক থেকে ইনিংস গড়ার চেষ্টা করেন।

উদ্বোধনী জুটিতে দুজন মিলে ১০৬ বলে শতরানের জুটি গড়ে দলের জন্য শক্ত ভিত তৈরি করেন। তবে ব্যক্তিগত ৩৬ রানে সাইফ হাসানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ৫৫ বলে তিনটি চারের সাহায্যে ৩৬ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে দলকে ১৫০ রানের ঘরে নিয়ে যান। তবে হারিস রউফ-এর বলে এলবিডব্লিউ হয়ে ৩৪ বলে ২৭ রান করে বিদায় নেন শান্ত।

পরবর্তী সময়ে তানজিদের সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান তানজিদ। ৯৮ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত আবরার আহমেদ এর বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৭ বলে ১০৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ছয়টি চার।

তানজিদের বিদায়ের পর লিটন দাস ও তাওহীদ হৃদয় ধীর-স্থির ব্যাটিংয়ে রান এগিয়ে নেন। তবে শেষদিকে বড় শট খেলতে গিয়ে ৫১ বলে ৪১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

এরপর গোল্ডেন ডাকে বিদায় নেন রিশাদ হোসেন। তবে আফিফকে নিয়ে রানের গতি সচল রাখেন হৃদয়। শেষ পর্যন্ত ৪৩ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ৫ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩টি, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।