সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ১৫ মার্চ ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন সময়সীমা ঘোষণা


Omrah

ফাইল ছবি

আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ ভিসার আবেদন, সৌদি আরবে প্রবেশ এবং দেশত্যাগের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি ২০ মার্চ (১ শাওয়াল) হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময়। যারা এই সময়ের মধ্যে ভিসা পাবেন, তাদের অবশ্যই ৩ এপ্রিলের (১৫ শাওয়াল) মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ওমরাহ শেষে যাত্রীদের আগামী ১৮ এপ্রিল (১ জিলকদ)-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কড়াভাবে স্পষ্ট করেছে যে, ওমরাহ ভিসা দিয়ে কোনোভাবেই হজ পালন করা যাবে না। হজ পালনের জন্য অবশ্যই বৈধ হজ ভিসা থাকতে হবে। নিবন্ধিত হজযাত্রী ছাড়া অন্য কারো হজ পালন ঠেকাতে এবং পুরো আয়োজন নিরাপদ রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক সভায় হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ ওমরাহ কোম্পানিগুলোর সেবার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি হজযাত্রীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরের সময়সূচি মেনে চলা এবং ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে তথ্য নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন। সৌদি ভিশন-২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।