সোমবার । মার্চ ১৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৬ মার্চ ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধ: ১৬তম দিনে কী ঘটছে যা যা ঘেটেছে


US Israel attack on Iran

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোববার ভোরে ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদিকে সংঘাতের ১৬তম দিনে ইরান পাল্টা হামলায় ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং উপসাগরীয় দেশগুলোতেও হামলা অব্যাহত রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান একটি চুক্তি করতে চায়। যদিও ইরান তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী খোলা রাখতে নৌ জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে তার সারসংক্ষেপ নিচে দেওয়া হলো:

ইরান
শিরাজে আবাসিক এলাকায় হামলা
ফার্স প্রদেশের রাজধানী শিরাজে একটি আবাসিক এলাকায় হামলা হয়েছে। তাসনিম সংবাদ সংস্থা জানায়, ‌‘জায়নবাদী-আমেরিকান অপরাধী শাসন’ শিরাজের দরিদ্র আবাসিক এলাকায় সন্ত্রাসী ও অমানবিক হামলা চালিয়েছে।

ইসফাহানে শিল্পাঞ্চলে হামলা
ইরানের মধ্যাঞ্চলীয় শিল্পনগরী ইসফাহানে হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার
উত্তর-পশ্চিম ইরানে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার চেষ্টা করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

আইআরজিসির ৫০তম ধাপের হামলা
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ৫০তম ধাপের হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

খার্গ দ্বীপে হামলা নিয়ে অভিযোগ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এর জবাব দিলে তা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে।

নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে মন্তব্য
আরাঘচি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন। এর আগে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন তিনি আহত হয়েছেন এবং সম্ভবত গুরুতর আহত।

মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্পকারখানা সরানোর সতর্কতা
আইআরজিসি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাদের শিল্পকারখানা সরিয়ে নিতে সতর্ক করেছে এবং যেসব কারখানায় মার্কিন কোম্পানির অংশীদারিত্ব রয়েছে সেগুলো থেকে মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

হরমুজ প্রণালী এখনো বন্ধ নয়
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি বলেন, ইরান এখনো হরমুজ প্রণালী বন্ধ করেনি, তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ “নিয়ন্ত্রণে রাখা হয়েছে”।

ক্ষয়ক্ষতির চিত্র
তেহরানের গভর্নর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ১০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ১,৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যু
ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জলালি নাসাব নিহত হয়েছেন। এর আগে নিহত হয়েছেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ আব্দুলরহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর।

উপসাগরীয় দেশ
সৌদি আরব
রিয়াদ অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত
আইআরজিসি জানিয়েছে, আবুধাবির আল-ধাফরা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ১০টি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ফুজাইরাহ বন্দরের কাছে ড্রোন প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে এক জর্ডান নাগরিক আহত হয়েছেন।

বাহরাইন
সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইরানের হামলা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েত
আহমদ আল-জাবের বিমানঘাঁটির কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে তিনজন সৈন্য আহত হন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় রাডার ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতার
কাতার জানিয়েছে, ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চাইলেও যুক্তরাষ্ট্র এখনই রাজি নয়, কারণ “শর্তগুলো যথেষ্ট ভালো নয়”। তিনি আবারও বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে আন্তর্জাতিক সহযোগিতা দরকার।

নতুন সর্বোচ্চ নেতা নিয়ে প্রশ্ন
মোজতবা খামেনেই “এখনও বেঁচে আছেন কি না” তা নিয়ে ট্রাম্প প্রশ্ন তুলেছেন।

খার্গ দ্বীপ নিয়ে মন্তব্য
তিনি দাবি করেন, মার্কিন হামলায় খার্গ দ্বীপের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং “মজা করার জন্য আরও কয়েকবার আঘাত করা হতে পারে”।

নৌ জোটের আহ্বান
চীনসহ উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে এখনো কোনো দেশ এ বিষয়ে নিশ্চিত করেনি। জাপান জানিয়েছে, এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা “খুবই কম”।

মিডিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন করলে দেশটির গণমাধ্যমের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্রে জনমত
এক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন ভোটার ইরানে হামলার বিপক্ষে এবং প্রায় তিন-চতুর্থাংশ মানুষ সেখানে স্থলবাহিনী পাঠানোর বিরোধী।

ইসরায়েল
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আহত ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরান ও লেবাননের হিজবুল্লাহ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাতভর সাইরেন বাজে। প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কিছু ধ্বংসাবশেষ তেল আবিবের কাছে পড়ে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুত দ্রুত কমে যাচ্ছে।

লেবানন
দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্তবর্তী কয়েকটি স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, দুটি শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আরেক হামলায় একটি পরিবারসহ দুই শিশুসহ সবাই নিহত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ৮২৬ জন নিহত এবং আট লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হামলায় ১৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

ইরাক
বাগদাদে মার্কিন দূতাবাস দেশটিতে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
এরবিলের কাছে একটি তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জর্ডান
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দ্বিতীয় সপ্তাহে ইরান থেকে ছোড়া ৮৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৭৯টি ভূপাতিত করা হয়েছে। হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।