
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম
মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। আজ সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।
প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করবো ঈদগাহে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওজুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা নির্দেশনা মেনে নিরাপত্তা ব্যাহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না, ঈদগাহে প্রবেশের সময়।







































