সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
শেয়ার

বর্ষার পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করতে চাই: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুরকে কৃষিভিত্তিক অঞ্চল উল্লেখ করে এখান থেকেই খাল খনন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় কৃষিজমি আবাদে সমস্যা তৈরি হচ্ছে এবং পানিতে আয়রনের মাত্রাও বাড়ছে। তাই বর্ষার পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। এই সুবিধা মন্ত্রী-এমপি, ডাক্তার, প্রকৌশলীসহ সবাই পাবেন। তবে কারা আগে পাওয়ার যোগ্য, সে বিষয়ে জনগণই ভালোভাবে অবগত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই সেই অনুযায়ী কাজ শুরু করেছে।

PM-Tareq-Rahman

প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রচারণার সময় দেশজুড়ে মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, অনেকেই জানিয়েছেন গত ১৫ বছরে দেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোয়নি। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত ১৫–১৬ বছরে যে কাজগুলো হয়নি, সেগুলো অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে সরকার ধৈর্য ধরে কাজ করছে এবং যারা সরকারকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবাইকে নিয়েই এই সরকার কাজ করবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দল ও সরকারের অন্যান্য নেতারা।