মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির


khal

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) বেলা ২টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একসময় বাংলাদেশ কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো সচল থাকায় নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মৎস্যসম্পদ, জমির উর্বরতা রক্ষা এবং বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকায় ঘনঘন বন্যা ও দুর্ভোগও তুলনামূলক কম ছিল।

তিনি বলেন, স্বাধীনতার পর একদিকে ফারাক্কা বাঁধের প্রভাব, অন্যদিকে প্রধান নদ-নদী ও খাল-বিল ভরাট হয়ে যাওয়ার কারণে দেশের অনেক স্রোতস্বিনী নদী এখন ভরা মৌসুমেও পানি ধারণ করতে পারে না। ফলে বর্ষায় অকাল বন্যা দেখা দেয় এবং শুকনো মৌসুমে অনেক নদী প্রায় শুকিয়ে মরুভূমির রূপ নেয়। এতে নৌ-চলাচল ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানিরও সংকট তৈরি হয়।

জামায়াত আমির আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। সরকারের উচিত নদ-নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া।

তিনি উল্লেখ করেন, অতীতে ড্রেজিং, নদী শাসন ও সংস্কারের নামে বিপুল বাজেট বরাদ্দ হলেও জনগণ তার সুফল পায়নি। কারণ তখন শাসকদের মূলনীতি ছিল লুটপাট। তাই যেকোনো উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, খাল খননের প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে, যখন নদীগুলোতে নাব্যতা ফিরে আসবে এবং সেগুলো প্রাণ ফিরে পাবে। অন্যথায় শুধু খাল খনন করে জনগণ কাঙ্ক্ষিত ফল পাবে না।