মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ মার্চ ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এমপি আতিকুর রহমান


Atikur

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এসময় সংসদ সদস্যের পাশাপাশি তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

তবে এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং বর্তমানে সেখানে তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে। ভোরবেলার ঘন কুয়াশা নাকি ট্রাকের বেপরোয়া গতির কারণে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত উদ্ধার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সংসদ সদস্যের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।