
ছবি: সংগৃহীত
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন— বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ইতি চক্রবর্তী (৪৫) এবং কাটপট্টি এলাকার ‘সুন্দরী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী পবিত্র মজুমদার (৫০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’-এর একটি বাস ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইতি চক্রবর্তী প্রাণ হারান।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত পবিত্র মজুমদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইতি চক্রবর্তীর স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫) ও তাদের মেয়ে উপমা চক্রবর্তীসহ (১৬) আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় ও বরিশাল সদরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরের দিকে রেকার দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








































