
ছবি: সংগৃহীত
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে বিভিন্ন ডাকাত দলের মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লে. সাকিব ইমরান (এক্স) বিএন জানান, গত দেড় বছরের বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর এই ৬১ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি। এছাড়া ডাকাতদের কবল থেকে এখন পর্যন্ত ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্ট গার্ড।
লে. সাকিব ইমরান বলেন, “আমাদের মূল লক্ষ্য সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য নদী ও খালে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ডাকাত বাহিনীর বেশ কিছু আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।”
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।












































