মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ এপ্রিল ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫২১


lebanon

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান রক্তক্ষয়ী এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫২১ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৪ জনে। বর্তমানে লেবাননের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। লেবানন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষকে জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে।

বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে কাগজে-কলমে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। অভিযোগ উঠেছে, এই যুদ্ধবিরতির মাঝেই গত দুই দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত হয়েছেন।