মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ এপ্রিল ২০২৬, ১:৩২ অপরাহ্ন
শেয়ার

ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প


ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প || ফাইল ছবি

দুই মাসব্যাপী যুদ্ধ নিরসনে ইরানের নতুন প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক মার্কিন গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রস্তাব দিয়েছে—তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হোক। তবে ট্রাম্প প্রশাসন চায়, এই ইস্যুটি শুরুতেই আলোচনায় আনা হোক।

রয়টার্সকে ব্রিফ করা এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানের এই অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের আলোচনায় অবগত একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন না বলেই ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয়, ইরানের পারমাণবিক ইস্যু সমাধান না করে তাদের বন্দরের ওপর থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র আলোচনায় একটি গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার হারাতে পারে।

এছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না এবং আমরা আমাদের অলঙ্ঘনীয় সীমা সম্পর্কে স্পষ্ট।

এদিকে, শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার আশা ক্ষীণ হওয়ার আরেকটি কারণ হলো, মার্কিন প্রেসিডেন্ট এর আগে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরিকল্পিত সফর বাতিল করেছেন।

এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সপ্তাহান্তে দুইবার ইসলামাবাদে আসা-যাওয়া করেন। এর ওপর ইরানের সর্বশেষ প্রস্তাবে ট্রাম্প খুশি না হওয়ায় এই শান্তি আলোচনা অনেকটাই ঝুঁকিতে পড়ল।